৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ও ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রসাশক জানান, সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
মঙ্গলবার বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। এ ছাড়া জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।
আর/আই