রাজনীতি

বেরোবিতে ১৪৪ ধারা জারি

ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার পরিপ্রেক্ষিতে  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে রংপুরের তাজহাট থানার ওসি কাছে ১৪৪ ধারা জারির অনুরোধ জানিয়ে লিখিত আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল এ ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে থাকা একটি ব্যানার নিয়ে আপত্তি তোলে ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রাকিব দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়েই তারা কর্মসূচির আয়োজন করেছিলেন। কর্মসূচি পণ্ড করতে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি

অন্যদিকে ছাত্রদল নেতা ইয়ামিন দাবি করেন, প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত কয়েকজন জামায়াত নেতার ছবি সংবলিত ব্যানার টানানো হয়েছিল। সেটি সরানোর দাবি জানালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের হামলা চালায় এবং এতে ছাত্রদলের কয়েকজন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানিয়েছেন, সংঘর্ষে জড়িতদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বেরোবি