বিনোদন

চলে গেলেন গুণী অভিনেত্রী রিনা রহমান

বিনোদন ডেস্ক

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ, গুণী অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (০৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করে রিনা রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সম্প্রতি নিয়মিত কাজ থেকে কিছুটা বিরতি নিতে বাধ্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’–তে অভিনয় করছিলেন।

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চ—তিন অঙ্গনেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন রিনা রহমান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের ভালোবাসা ও সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করেন।

তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাংলাদেশ টেলিভিশনের কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। এসব কাজের মধ্য দিয়েই তিনি বাংলা নাটক ও চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #অভিনেত্রী #রিনা রহমান