দেশজুড়ে

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার

বায়ান্ন প্রতিবেদন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের স্ত্রী-সন্তানদের সান্ত্বনা দিতেন শেখ হাসিনা। তাদের মাথায় হাত বুলিয়ে স্বজনকে ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিতেন। অথচ গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি তিনি নিজেই জানতেন বলে অভিযোগ করেন স্পিকার।

তার মতে, বাইরে সহানুভূতি দেখালেও ভেতরে গুমের নির্দেশ দেওয়ার মানসিকতা লুকিয়ে রেখেছিলেন শেখ হাসিনা।

স্পিকার বলেন, তখন সাধারণ মানুষ এসব বিষয় বুঝতে পারেনি। তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর বিষয়গুলো এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে।

তার দাবি, এসব কর্মকাণ্ড ও আচরণের মধ্য দিয়ে শেখ হাসিনা ‘বিশ্বসেরা অভিনেত্রী’র মতো অভিনয় করেছেন এবং গুমের নির্দেশদাতাও ছিলেন।

একজন ব্যারিস্টারকে আট বছর ধরে ‘আয়না ঘরে’ বন্দি করে রাখার অভিযোগও করেন হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি মুক্তি পান এবং পরে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিগত সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে ভোলা-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা দেখানো হয়েছিল। তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে বলেও দাবি করেন তিনি।

তার অভিযোগ, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

লালমোহনের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে এলাকার স্থানীয় সংসদ সদস্য ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী ও খুনি। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে দিনের বেলায় তার নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় রামদা দিয়ে কুপিয়ে কয়েকজনকে আহত করার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আওয়ামী লীগ #শেখ হাসিনা #জাতীয় সংসদের স্পিকার #মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ