পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর মিস্ত্রিপাড়া গ্রামে বসতবাড়ির সামনের দোকানে চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে মানিক ওরফে সুমন নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার (৩ আগস্ট) দিনগত রাত আনুমানিক তিনটার দিকে এই ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ আগস্ট মধ্যরাতে সাহাপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আফসার আলী মন্ডলের ছেলে হাবিবুল মন্ডলের বসতবাড়ির সামনের দোকানে চুরির উদ্দেশ্যে এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত সুমন প্রবেশ করে।
চুরির বিষয়টি টের পেয়ে হাবিবুল মন্ডল তাকে বাধা দিলে সুমন তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হাবিবুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার হাত ও পিঠে মারাত্মক জখম হয়। হাবিবুল মন্ডলের ডাক-চিৎকার শুনে তার ছেলে শাকিল আহমেদ দ্রুত এগিয়ে এলে মানিক তাকেও কুপিয়ে জখম করে।
এদিকে বাবা-ছেলের আর্তচিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থলেই মানিককে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে। একই সাথে জখমপ্রাপ্ত হাবিবুল মন্ডল ও তার ছেলে শাকিলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ওসি আশাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মরদেহের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আই/এ