দেশজুড়ে

টাকার প্রলোভনে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

অভিযুক্ত মাসুদ রানা মদন

পাবনার ঈশ্বরদীতে টাকার প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাসিন্দা মাসুদ রানা মদন (৫০)। তিনি মৃত রজব আলীর ছেলে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে অভিযুক্ত মাসুদ রানার মেয়ের কাছে প্রাইভেট পড়ার পাশাপাশি মাঝে মধ্যে তাদের বাড়িতে খেলতে যেত।

অভিযোগ অনুযায়ী, গেল শুক্রবার (৩১ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে শিশুটি খেলতে মাসুদের বাড়িতে যায়। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মাসুদ তাকে টাকার প্রলোভন দেখিয়ে নিজের শোবার ঘরে নিয়ে যায়। পরে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয়।

পরদিন শনিবার বিকেলে শিশুটির জ্বর ও শারীরিক অসুস্থতা দেখা দিলে তার নানী তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকের কাছে এবং উপস্থিত ব্যক্তিদের সামনে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। পরে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেন।

চিকিৎসা শেষে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিশুর নানী বলেন, “আমার অবুঝ নাতনিকে টাকার লোভ দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে নির্যাতন করা হয়েছে। আমরা দ্রুত চিকিৎসা নিশ্চিত করে থানায় অভিযোগ করেছি। এখন আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #ঈস্বরদী