অর্থনীতি

মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন

বায়ান্ন প্রতিবেদন

মধুমতি ব্যাংক পিএলসির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নতুন বোর্ড ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আলমগীর (সিআইপি) এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন।

নবনির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর টাঙ্গাইলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন সুপরিচিত উদ্যোক্তা ও ব্যবসায়ী। বর্তমানে তিনি লাবিব গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। টেক্সটাইল, সোয়েটার, ডাইং, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি ও গবাদিপশুর খামারসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সুনাম, সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে এসব প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।

দেশের বাণিজ্য, শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সালাউদ্দিন আলমগীর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্ব পালন করছেন।

নতুন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন ১৯৬৬ সালে ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শুরু থেকেই তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি দেশের অন্যতম বৃহৎ শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি দেশের বাণিজ্য ও শিল্প খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।

মোহাম্মদ ইসমাইল হোসেন গুলশান ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড এবং ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেডের আজীবন সদস্য।

বাণিজ্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া পোশাক শিল্পে অবদানের জন্য তিনি সক্রেটিস পুরস্কার এবং ‘ম্যানেজার অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন।

এদিকে নতুন পরিচালনা পর্ষদে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। আর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ মান্নান খান।