হবিগঞ্জে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, দেশব্যাপী আয়োজিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) সকালে দৌলতপুর উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মানিকগঞ্জ সদর উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দৌলতপুরের কর্মসূচি আগেই স্থগিত করা হয়। পরবর্তীতে হবিগঞ্জের ঘটনার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জ সদর উপজেলার কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে মো. আরিফুল ইসলাম বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা বর্তমানে হবিগঞ্জে যাচ্ছেন। সে কারণে মানিকগঞ্জের জুলাই পদযাত্রা স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও জানান, কর্মসূচির নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হলে তা পরে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
এসি//