অর্থনীতি

আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে কমেছে স্বর্ণের দাম

বায়ান্ন প্রতিবেদন

আন্তর্জাতিক বাজারে টানা ওঠানামার প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও। কিছুদিনের ব্যবধানে আবারও পরিবর্তন এলো স্বর্ণ ও রুপার দামে। দাম কমায় স্বস্তির আভাস দেখা দিলেও অলংকার কিনতে এখনও গুনতে হবে বড় অঙ্কের টাকা। বুধবার (২৯ জুলাই) থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন দামে সারা দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ফলে ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৮৫৮ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম বহাল থাকবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ১৮৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

অন্যদিকে রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৩৭৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সুপারিশের ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মেকিং চার্জ বা মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #রুপা