দেশজুড়ে

চাঁদাবাজি ও হামলার অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন এবং বিএনপি কর্মী আব্দুল মোমিন।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, গত ২৫ জুলাই পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিস্টার তার নিজের ওপর হামলা ও মারধরের অভিযোগ এনে উল্লাপাড়া মডেল থানার একটি মামলা দায়ের করেন।

একই দিনে মাটিকোড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

উল্লেখ্য, আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেম

ওসি আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডল বলেন, মারধর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #উপজেলা বিএনপি #সদস্য সচিব