আবহাওয়া

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

বায়ান্ন প্রতিবেদন

বর্ষার সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়ছে বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা। এরই মধ্যে সোমবার (২৭ জুলাই) দুপুর পর্যন্ত দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে বজ্রপাত ও দমকা হাওয়ার সময় অপ্রয়োজনীয় বাইরে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বর্ষা #বৃষ্টি #আবহাওয়া