রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের আবাসস্থল ‘গণভবন’-এ গড়ে ওঠা ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। জনবল নিয়োগের প্রক্রিয়া এখনো সম্পন্ন না হলেও নির্ধারিত এই দিনেই জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
রোববার (২৬ জুলাই) জাতীয় জাদুঘর এবং জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্য সামনে রেখে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এর মধ্যে দর্শনার্থীদের নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা এবং ভেতরে প্রবেশের টিকিট ব্যবস্থাসহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
এর আগে গত ১২ মে গণভবনে জাদুঘর নির্মাণের কাজ পরিদর্শন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, জুলাই মাসের শেষে অথবা ৫ আগস্টের মধ্যেই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা শেরেবাংলা নগরের ১৭.৬৮ একর আয়তনের এই গণভবনে প্রবেশ করে। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের শিকার হয়ে ভবনটি তখন ধ্বংসস্তূপে পরিণত হয়। এমনকি ভবনের বৈদ্যুতিক সুইচবোর্ড এবং মূল গেটের ‘গণভবন’ লেখা বোর্ডটিও উপড়ে ফেলা হয়েছিল।
পরবর্তীতে ২০২৪ সালের ৬ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ভবনটির ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে। এরপর গত ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই ভবনটিকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।
আর/আই