পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কের কাজে ব্যবহারের অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে বালু উত্তোলন করলে কুয়াকাটা শহর রক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
রোববার (২৬ জুলাই) কুয়াকাটার খাজুরা গ্রামের জোমাদ্দার বাড়ি সংলগ্ন ১৮ ঘর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, যে স্থান থেকে বালু উত্তোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেই অংশে শহর রক্ষা বাঁধের সিসি ব্লকের বেশ কয়েকটি অংশ আগেই সরে গেছে। সেখানে আবার বালু উত্তোলন করা হলে বাঁধের নিচের অংশ আরও দুর্বল হয়ে পড়বে এবং উপকূল রক্ষার এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি শতভাগ ঝুঁকির মুখে পড়বে। এতে জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সময় কুয়াকাটা শহরের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
স্থানীয়রা আগে বাধা দিলেও তা উপেক্ষা করে বালু উত্তোলনের চেষ্টা চলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান,এ কাজের সঙ্গে জড়িত লোকজনকে সমুদ্র থেকে বালু উত্তোলন না করার জন্য নিষেধ করলে তারা জানান ‘প্রশাসন এবং সাংবাদিকদের ম্যানেজ করেই কাজ করছি, আপনারা কিছুই করতে পারবেন না।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, অনিয়মের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ