দেশজুড়ে

ফেরি থেকে পদ্মায় লাফ, ৩০ কি.মি. ভেসে যাওয়ার পর উদ্ধার

ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে ফেরি থেকে লাফ দিয়ে নিখোঁজ হওয়া মোসা. লাইজু (৩৯) নামে এক নারীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। সাড়ে তিন ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করা হয়। লাইজু ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদ ঝাউচরের বাসিন্দা ফোরকান মিয়ার স্ত্রী।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আজ (২৬ জুলাই) নৌপুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,শনিবার সন্ধ্যার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারি ফেরি কুমিল্লা থেকে লাফ দেন লাইজু। কচুরিপানা আঁকড়ে ধরে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে (দক্ষিণ দিকে) ভেসে যান তিনি। ফরিদপুরের কবিরপুর চর এলাকায় ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করা হয়।

কুমিল্লা ফেরির মাস্টার আব্দুস সাত্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরিটি পাটুরিয়া  থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝনদীতে একটি লাল বয়া অতিক্রম করার পর ফেরির এক কর্মী তাকে জানান, মোবাইলে কথা বলার পর এক নারী যাত্রী নদীতে লাফ দিয়েছেন।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফেরি থামিয়ে সার্চলাইটের সাহায্যে খোঁজাখুঁজি করা হলেও ওই নারীকে তখন পাওয়া যায়নি। ফেরিতে ওই নারী একাই ভ্রমণ করছিলেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফেরি #পদ্মা