ক্যাম্পাস

আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা শেকৃবির শিক্ষার্থীদের

শেকৃবি প্রতিনিধি

ফাইল ছবি

ক্লাসরুমে ফেরার ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের দাবি পূরণে কর্তৃপক্ষের দৃশ্যমান অগ্রগতি এবং অন্যান্য দাবীসমূহ পূরণের আশ্বাস পাওয়ার পর ১৪ দিনের এ আল্টিমেটাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের নিচে এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, ৪৭তম বিসিএসের ফলাফল-সংক্রান্ত জটিলতা নিরসন করে পুনঃফলাফল প্রকাশে কার্যকর ভূমিকা রাখায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তবে আন্দোলনের অন্যান্য দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেছেন তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে ইন্টার্ন শিক্ষার্থীদের টিএ (TA) সংক্রান্ত আনুষ্ঠানিক লিখিত অনুমোদন, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির লক্ষ্যে ডিন কাউন্সিলে আলোচনা ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ইউজিসিতে প্রস্তাব পাঠানো, ৫১তম বিসিএস থেকে এএসভিএমের জন্য পৃথক লিখিত কোড ও সিলেবাস প্রণয়ন এবং বিএলআরআইসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তির বিষয়েও সংশ্লিষ্ট কমিটিগুলোকে কাজ করতে হবে, মন্ত্রণালয়-সংশ্লিষ্ট দাবিগুলোর বিষয়ে ১৪ কার্যদিবসের মধ্যে দৃশ্যমান ও লিখিত অগ্রগতি নিশ্চিত করা এবং পিএসসি ও মন্ত্রণালয়-সংক্রান্ত পূর্বে গঠিত দুটি কমিটিকে কার্যকর করে নিয়মিত অগ্রগতির তথ্য শিক্ষার্থীদের জানানো।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির টিএ-ডিএ এর বিষয়টি মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এফ‌সি কমিটির মিটিংয়ের এজেন্ডাভুক্ত করা হয়েছে।

 

 উল্লেখ্য, চার দফা দাবিতে গত ৫ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শেকৃবির এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে কম্বাইন্ড ডিগ্রির জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগ সংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু, এছাড়া ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কম্বাইন্ড ডিগ্রিধারী শেকৃবির ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করা।

পরবর্তীতে ৪৭ এর ফলাফল সংশোধন করে গত ১৬ জুলাই নতুন করে ১৪ জনকে লাইভস্টক ক্যাডারে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শেকৃবি