রাজধানী

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নতুন ট্রলার ডুবি, নিখোঁজ ২

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে বরিশাল থেকে ঢাকাগামী 'সুন্দরবন-১২' লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা মোট ১০ জন আরোহীর মধ্যে ৮ জন তীরে উঠতে সক্ষম হলেও এখনও দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা (ওয়্যারহাউজ ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে সদরঘাট এলাকা পার হওয়ার সময় ট্রলারটির পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেটি অচল হয়ে পড়ে। ঠিক তখনই বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি তলিয়ে যায়

ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ১০ আরোহীর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন এখনও নিখোঁজ

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টায় তারা ট্রলার ডুবির খবর পান এবং ৯টা ৫০ মিনিটে তাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিটের সদস্যরা নিখোঁজ দুজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। ইতোমধ্যে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা গেছে এবং সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #সদরঘাট #ট্রলার ডুবি