ইরানের বিরুদ্ধে টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে পারস্য উপসাগরজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার এবং বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (গ্রিনিচ সময় ২০:৪৫) অভিযান শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা।
সেন্টকমের তথ্য অনুযায়ী, বুশেহর, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা ও বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও আধা-সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ উপকূলজুড়ে রাতভর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বন্দর আব্বাস, কিশ, কেশম দ্বীপ এবং বুশেহর প্রদেশের জাম শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ফার্স নিউজের দাবি, পশ্চিম বন্দর আব্বাসে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশে মার্কিন হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তারা হামলার সময় বাড়ির বাইরে কাজ করছিলেন।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মিত্র ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিস্তৃত পাল্টা অভিযান শুরু করেছে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ওমানের জলসীমায় হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
তবে তাসনিম নিউজের দাবি, আইআরজিসি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনকারী দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়েছে।
ইরানের সেনাবাহিনীর দাবি, কুয়েতে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার, পর্যবেক্ষণ টাওয়ার, গোলাবারুদ গুদাম এবং যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের আল-জুফাইর ঘাঁটিতে অস্ত্রাগার, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, মার্কিন সেনাদের আবাসন এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দেশটিতে চারবার বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে।
জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে।
পরে আইআরজিসি দাবি করে, তারা জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জর্ডানের জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় আইআরজিসি বলেছে, এই হামলা জর্ডানের বিরুদ্ধে নয়; বরং দেশটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকেই লক্ষ্য করে চালানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ জুলাই কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানান, ৭ জুলাই থেকে ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হয়েছে। এর ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই আরও ৬০ দিন মার্কিন বাহিনীকে যুদ্ধে রাখার ক্ষমতা তিনি প্রয়োগ করেছেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধীরে ধীরে ধ্বংস করা হচ্ছে। তবে সংঘাত পুনরায় শুরু হলেও কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা এখনও রয়েছে।
তিনি উপসাগরীয় দেশগুলোর প্রতি সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ব্যয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান। এছাড়া ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা কুহ-ই কোলাং গাজ লা (পিকঅ্যাক্স মাউন্টেন) লক্ষ্য করে হামলারও হুমকি দেন।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী-নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ সময় রাত ৮টা থেকে ইরানের দক্ষিণ উপকূলের সব বন্দর ও টার্মিনাল ঘিরে মার্কিন অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে।
এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে উত্থাপিত নতুন বিলের মাধ্যমে দেশটি তাদের ‘লাল রেখা’ রক্ষায় অটল থাকবে।
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৯ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮১ ডলারে পৌঁছেছে, যা জুনের মাঝামাঝির পর সর্বোচ্চ।
জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আগের সপ্তাহের তুলনায় প্রায় ৫২ শতাংশ কমে গেছে।
এমএ//