আন্তর্জাতিক

মাশহাদে খামেনির দাফনের সময়সূচি পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের চূড়ান্ত পর্বের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ইরাকের নাজাফ ও কারবালায় নজিরবিহীন জনসমাগমের কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি কিছুটা বিলম্বিত হওয়ায় মাশহাদে অনুষ্ঠানের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)-এর বরাতে পার্স টুডে জানিয়েছে, জানাজা ও দাফন প্রক্রিয়া পরিচালনা কমিটির সেক্রেটারি আলী আকবর পুরজামশিদিয়ান বলেন, নাজাফ আশরাফ ও কারবালা-এ-মোয়াল্লায় শহীদ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে। এই অভূতপূর্ব জনসমাগমের কারণে জাতীয় কমিটির নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে বিলম্ব ঘটে।

তিনি জানান, মাশহাদে অপেক্ষমাণ মানুষের দুর্ভোগ কমাতে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শহীদ নেতার মরদেহ এবং তার পরিবারের সদস্যদের মাশহাদে পৌঁছাতে দেরি হওয়ার সম্ভাবনা থাকায় বৃহস্পতিবার (০৯ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা বা ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও জানাজার চূড়ান্ত পর্ব এখন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

এদিকে, রাজাভি খোরাসান প্রদেশের জানাজা ও দাফন প্রক্রিয়া কমিটির মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক এই শেষ বিদায়ে অংশ নিতে বিশ্বের ২৭টি দেশ থেকে ৪ হাজার ৭০০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি ও অতিথি ইতোমধ্যে মাশহাদে পৌঁছেছেন।

ইরানের কর্মকর্তারা একই সঙ্গে জানিয়েছেন, সাম্প্রতিক মার্কিন হামলার কারণে অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মসূচিতে কোনো পরিবর্তন আনতে হয়নি।

তারা বলেছেন, তেহরানে শোকযাত্রা শেষে মরদেহ কোমে নেওয়া হয়। পরে তা ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে গিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সেখান থেকে বিমানযোগে মরদেহ মাশহাদে পৌঁছানো হয়েছে।

মাশহাদ শুধু সাইয়্যেদ আলী খামেনেয়ীর জন্মস্থানই নয়, এটি শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র নগরীও। এখানেই অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজার (আ.) পবিত্র মাজার অবস্থিত।

ইরানি কর্মকর্তাদের আশা, তার দাফন সেই মাজারের কাছাকাছি সম্পন্ন হবে।

এর আগে রাজধানী তেহরানের সঙ্গে মাশহাদের রেল যোগাযোগ সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দাফনের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কর্মকর্তারা স্পষ্ট করেন, সময়সূচি পরিবর্তনের সঙ্গে হামলার কোনো সম্পর্ক নেই।

তাদের দাবি, ইরাকে বুধবারের শোকযাত্রায় অভাবনীয় জনসমাগমই দাফন অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার একমাত্র কারণ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #জানাজা #মাশহাদ