পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক-২০২৫ দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস-২০২৬-এর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন।
অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও উপস্থিত ছিলেন।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক পেয়েছেন মো. মনির হোসেন। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. আব্দুস সালাম।
প্রতিষ্ঠান পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক অর্জন করেছে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। এছাড়া গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পরিবেশ পদক অর্জন করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকাকে বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সচেতনতা বাড়াতে দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
পি/ডি