শিক্ষাবিদ ও গবেষক এ কে এম ওয়াহিদুজ্জামানকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতোমধ্যে সম্মতি দিয়েছেন।

সম্প্রতি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) থেকে এ তথ্য জানা গেছে।

ডিও লেটারে উল্লেখ করা হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-৩ মর্যাদা ও বেতনক্রমে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এ কে এম ওয়াহিদুজ্জামানকে নিয়োগ দেওয়া হবে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করা, উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যেই এই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কে এম ওয়াহিদুজ্জামান শিক্ষা, ব্যাংকিং, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এবং জলবায়ু বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক এবং ১৯৯২ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনের শুরুতে তিনি একটি ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে আজিজুল হক কলেজ ও ঢাকা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০২ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জুনিভান হোল্ডিং ইনস ডট-এ ডিজিটাল মার্কেটিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকিং ও রিমোট সেন্সিং বিষয়ে বিশেষ দক্ষতার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসনসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা ও ভূগোল বিষয়ে তাঁর একাধিক গবেষণাপত্র ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ডিও লেটারে আশা প্রকাশ করা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদ, বিভিন্ন অঙ্গসংস্থা ও কমিটির বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে এ কে এম ওয়াহিদুজ্জামানের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, তার নিয়োগ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতিসংঘ #উপ-স্থায়ী প্রতিনিধি #এ কে এম ওয়াহিদুজ্জামান