আন্তর্জাতিক

ইরানে শুরু খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান, শেষ শ্রদ্ধায় তেহরানে জনস্রোত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা নামাজ কমপ্লেক্সে আয়োজিত এ শোকানুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন।

শুক্রবার (০৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি বরাতে প্রতিবেদনে বলা হয়, বিপুল মানুষের উপস্থিতির কথা বিবেচনায় নিয়ে গ্র্যান্ড মোসাল্লার সব প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই শোকাহত মানুষের ঢল নামে অনুষ্ঠানস্থলে।

এদিকে রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে ভোর থেকেই মানুষের দীর্ঘ সারি দেখা যায়। গ্র্যান্ড মোসাল্লায় দ্রুত পৌঁছাতে বিশেষ মেট্রো সেবা চালুর অপেক্ষায় ছিলেন তারা।

আইএসএনএ নিউজ এজেন্সি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা অসংখ্য নারী-পুরুষ মেট্রো স্টেশনের বন্ধ ফটকের সামনে অপেক্ষা করছেন। সেবা চালু হওয়ার পর তারা দলে দলে শোকানুষ্ঠানের উদ্দেশে রওনা হন।

গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের ভেতরে ও বাইরে ইতোমধ্যে হাজারো মানুষের সমাগম হয়েছে। সেখানে খামেনির কফিন আনা হবে—এমন প্রত্যাশায় অপেক্ষা করছেন শোকাহতরা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকের হাতে লাল পতাকা দেখা গেছে, যা শিয়া ঐতিহ্যে প্রতিশোধ ও শহীদের স্মৃতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এ সময় সমবেত জনতার একটি অংশ “আমেরিকার মৃত্যু হোক” এবং “প্রতিশোধ, প্রতিশোধ” স্লোগান দেয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আয়াতুল্লাহ আলী খামেনি #খামেনি