দেশজুড়ে

এইচএসসি পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর চার ঘণ্টা আগে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (০২ জুলাই) ভোরে কাচিঝুলী মসজিদ রোড এলাকার নাসা টাওয়ারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।   

নিহত তিশা ময়মনসিংহের মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাবা উত্তম সরকার ও মা মনি সরকারের মেয়ে তিশা গেল দুই বছর ধরে কাচিঝুলী এলাকার একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর প্রায় চার ঘণ্টা আগে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।  

পুলিশ সুপার আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষার মানসিক চাপ বা অন্য কোনো কারণ ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #ময়মনসিংহ #এইচএসসি