ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরও একটি গৌরবময় অধ্যায় রচনা করলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে সুইডেনের বিপক্ষে চমৎকার একটি গোল করে তিনি জার্মানির কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গেছেন।
এই গোলের সুবাদে বিশ্বমঞ্চে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ১৭, যা তাকে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছে।
এর ফলে ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি ভেঙে এখন তিনি কেবল আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির ১৯ গোলের বিশ্বরেকর্ডের ঠিক পেছনে অবস্থান করছেন।
চলমান বিশ্বকাপে এমবাপ্পে রয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে, এটি ছিল চলতি আসরে তার ষষ্ঠ গোল। এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করার পর নকআউট পর্বেও নিজের সেই গোলক্ষুধা ও ধারাবাহিকতা বজায় রেখেছেন এই ফরাসি ফরোয়ার্ডা
মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বমঞ্চে ১৭ গোল করার এই অবিশ্বাস্য কীর্তি ফুটবল ইতিহাসে তার নামকে আরও উজ্জ্বল করে তুলেছে।
বর্তমানের এই বিধ্বংসী ফর্ম যদি তিনি ধরে রাখতে পারেন, তবে চলতি আসরেই মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করা বা তা ভেঙে নতুন ইতিহাস গড়া এমবাপ্পের জন্য সময়ের ব্যাপার মাত্র।
বিশ্ব ফুটবলের আঙিনায় তার এই অর্জন যেমন ফ্রান্সের জন্য গর্বের, তেমনি ফুটবলপ্রেমীদের মনেও এখন বড় কৌতুহল—এমবাপ্পে কি পারবেন চলতি বিশ্বকাপেই মেসিকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছাতে?
আর/আই