খেলাধুলা

বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ

স্পোর্টস ডেস্ক

শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। দর্শকদের ভোটে টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিন পর আসরের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। 

বুধবার (২২ জুলাই) ফিফার ওয়েবসাইটের বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই দলে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্সের ফুটবলাররা। রানার্সআপ আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছেন দুজন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে আছেন একজন করে প্রতিনিধি।

এই বিশ্বকাপে চমক দেখানো সেরা একাদশে জায়গা পেয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সি এই গোলকিপার ৩৯.৬ শতাংশ ভোট পেয়ে স্পেনের গোল্ডেন গ্লাভস জয়ী উনাই সিমনকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেছেন।

রক্ষণভাগে আছেন স্পেনের পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। টুর্নামেন্ট জুড়ে স্পেনের অপ্রতিরোধ্য রক্ষণভাগে গুরুত্বপূর্ণ আবদান রাখেন কুকুরেয়া ও পোরো।

মিডফিল্ডে জায়গা করে নিয়েছেন স্পেনের গোল্ডেন বলজয়ী রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। পুরো বিশ্বকাপজুড়ে স্পেনের মাঝমাঠ নিয়ন্ত্রণে এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। পাশাপাশি ওলিসে ও বেলিংহ্যামও নিজ নিজ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেন।

অন্যদিকে আক্রমণভাগে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড। পুরো বিশ্বকাপজুড়ে এমবাপ্পে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জিতেছেন। মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। অন্যদিকে নরওয়ের হয়ে ৭ গোল করে দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন হালান্ড। 

ফিফার সমর্থক-ভোটে নির্বাচিত ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ:

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে)।

 

এআর/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বকাপ #ফিফা