দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো চাপ বা অনুরোধ এলেও ইসরাইল তার অবস্থান পরিবর্তন করবে না।
বুধবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আলজাজিরা জানায়, স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে কাৎজ বলেন, দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাই ইসরাইলের প্রধান লক্ষ্য। অতীতে ওই অঞ্চলে বেসামরিক জনগণের উপস্থিতির সুযোগ নিয়ে ইসরাইলি সেনাদের ওপর সড়কপথে বোমা হামলাসহ বিভিন্ন ধরনের আক্রমণ চালানো হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সেনা উপস্থিতি বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, লেবানন থেকে বাস্তুচ্যুত হওয়া প্রায় দুই লাখ মানুষকে আপাতত নিজ এলাকায় ফিরে যেতে দেওয়া হবে না। একই সঙ্গে ইসরাইলি বাহিনীও বর্তমান অবস্থান থেকে সরে যাবে না।
তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি এবং যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ী করার লক্ষ্যে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা চলছে।
বিশ্লেষকদের মতে, কাৎজের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে দক্ষিণ লেবাননে সামরিক উপস্থিতি বজায় রাখার প্রশ্নে ইসরাইল আপাতত কঠোর অবস্থানেই রয়েছে। ফলে সীমান্ত পরিস্থিতি ও যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা ও কূটনৈতিক চাপ বাড়তে পারে।
এমএ//