খেলাধুলা

জাতীয় দলের জার্সিতে তাসকিনের থেকে এখনও অনেক কিছু পাওয়ার বাকি: সিমন্স

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফর শেষ হলেও জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা কমেনি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দলের প্রথম বহর দেশটিতে পৌঁছে গেছে। বুধবার (২৪জুন) রওনা দেবে দ্বিতীয় বহর। তবে এই সিরিজে বিশ্রামে থাকায় বর্তমানে দলের সঙ্গে নেই পেসার তাসকিন আহমেদ।

বিশ্রামের ফাঁকে মঙ্গলবার (২৩জুন) রাজধানীতে জেডি স্পোর্টসের একটি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তাসকিন। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সও। অনুষ্ঠানে বাংলাদেশের এই তারকা পেসারকে নিয়ে প্রশংসা করেন সিমন্স।

বাংলাদেশের প্রধান কোচ জানান, ক্রিকেটের বাইরেও তাসকিনের নানা উদ্যোগ ও কর্মকাণ্ড তাকে মুগ্ধ করেছে। তবে তার বিশ্বাস, জাতীয় দলের জার্সিতে তাসকিনের কাছ থেকে এখনও অনেক কিছু পাওয়ার বাকি রয়েছে।

নিজের ক্রিকেট-যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে তাসকিন ফিরে যান শুরুর দিনে।  তাসকিন জানান, টেপ টেনিস দিয়েই তার ক্রিকেটে হাতেখড়ি। শুধু তিনি নন, দেশের অধিকাংশ ক্রিকেটারের পথচলাই শুরু হয়েছে টেপ টেনিস দিয়ে। ছোটবেলা থেকেই জোরে বল করার চেষ্টা করতেন এবং সেই অভ্যাসই তাকে ধীরে ধীরে পেশাদার ক্রিকেটে নিয়ে এসেছে।

ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তাসকিন জানান, এটি শুধু তার পেশা নয়, বরং জীবনের সবচেয়ে বড় আবেগ। ক্রিকেট ছাড়া নিজেকে কল্পনা করাও তার জন্য কঠিন। মাঠে নামা, প্রতিদ্বন্দ্বিতা করা এবং দেশের প্রতিনিধিত্ব করাই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।

আগামী দিনগুলোতে নিজেকে পুরোপুরি ফিট রাখার লক্ষ্য তাসকিনের। সামনে জাতীয় দলের ব্যস্ত সূচির দিকে তাকিয়ে তিনি আশা প্রকাশ করেন, সুস্থ থেকে দীর্ঘ সময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন এবং দলের সাফল্যে আরও বড় অবদান রাখতে সক্ষম হবেন।

 

পি /ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #তাসকিন আহমেদ #সিমন্স