ফুটবল

ড্যাফোডিলের ব্রাজিল উল্লাসে মুগ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা বহুদিনের পরিচিত দৃশ্য। তবে এবার সেই আবেগ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফুটবলপ্রেম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার (২০ জুন) সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপের একটি ব্রাজিল ম্যাচ চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থী ও সমর্থক একত্রিত হয়ে খেলা উপভোগ করেন। ম্যাচে গোল হওয়ার পরপরই উল্লাসে ফেটে পড়েন তারা। হলুদ জার্সি, ব্রাজিলের পতাকা এবং একসঙ্গে "নেইমার, নেইমার" ধ্বনিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

এই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার ইফতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওটি আপলোডের পর দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর দৃষ্টি আকর্ষণ করে। ঘটনার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিওর. তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দিয়েছেন।

প্রিয় ফুটবলারের এমন প্রতিক্রিয়া পেয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অসংখ্য ব্রাজিল সমর্থকের মধ্যেও আনন্দের জোয়ার বয়ে যায়। সামাজিক মাধ্যমে অনেক ভক্ত তাদের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, “নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের আবেগের নাম।”

দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের অকৃত্রিম ভালোবাসা যে ব্রাজিলিয়ান তারকার কাছেও পৌঁছেছে, নেইমারের এই ছোট্ট প্রতিক্রিয়াই যেন তার প্রমাণ।

চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তারকার একটি ‘লাইক’ বাংলাদেশের ব্রাজিলভক্তদের জন্য স্মরণীয় এক মুহূর্ত হয়ে থাকবে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুটবল বিশ্বকাপ #নেইমার