বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইলিয়াস খান উপজেলার কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ নিয়ে একই গ্রামের রাসেলের সঙ্গে ইলিয়াসের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ইলিয়াস নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
ওসি মো. আহসানুজ্জামান বলেন, ছুরিকাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আই/এ