নেত্রকোণা সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জামাল মুন্সি (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সাপমারা গ্রামে খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।
নিহত জামাল মুন্সি আমতলা ইউনিয়নের সাতমারা গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে এবং খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন।
আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্দুল মান্নান রোববার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে এলাকায় বৃষ্টি হচ্ছিল। রোববার ফজরের নামাজ শেষে সকাল সাড়ে ৬টার দিকে জামাল মুন্সি মাদ্রাসার পাশের এলাকায় মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে পড়ে থাকেন।
বৃষ্টি থামার পর স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। স্বজনরা তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএ//