সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি থাকা ব্যক্তিদের জন্য এখন থেকে আলাদা ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ নতুন এই নির্দেশনা দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের ওয়ার্ক পারমিট নিতে ১০০ সৌদি রিয়াল ফি দিতে হবে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মে শ্রমবাজার সম্পর্কিত বিভিন্ন সেবা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ প্রক্রিয়া এবং ভিসাসংক্রান্ত কার্যক্রম।
কিউয়া জানিয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হবে কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের অধীনে নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে।
এ ছাড়া ‘তামহীর’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ চুক্তি এখন থেকে অনলাইনের মাধ্যমে নিবন্ধনের সুযোগ থাকবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতির হিসাব বা বিদ্যমান কর্মসংস্থান বাধ্যবাধকতার অংশ হিসেবে বিবেচিত হবে না।
সেবার ফি পরিশোধের জন্য ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট ব্যবস্থা এবং কিউয়া ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা যাবে।
পদত্যাগ সংক্রান্ত নতুন নিয়মে বলা হয়েছে, কোনো নিয়োগকর্তা আবেদন গ্রহণ বা স্থগিত না করলে কর্মীরা পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে নোটিশের সময়সীমা নির্ভর করবে চাকরির চুক্তির শর্তের ওপর।
অন্যদিকে, ভিসা সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়েছে, ভিসা ইস্যুর পর এর কোনো তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না। কোনো ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
এসি//