দেশজুড়ে

ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ছেলের সামনেই সানজিদা আক্তার রেশমি নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ জুন) রাতে নিজ বাসায় হামলার শিকার হন রেশমি। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে রেশমির ঘনিষ্ঠ সম্পর্ক আছে—এমন সন্দেহ করতেন ওই ব্যবসায়ীর স্ত্রী ইয়াসমিন। এ নিয়ে বিরোধের জেরে ইয়াসমিনসহ কয়েকজন নারী রেশমির বাসায় যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রেশমিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

ঘটনার সময় বাসায় ছিল রেশমির ১২ বছর বয়সী ছেলে সাব্বির। মায়ের ওপর হামলা দেখে সে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে স্থানীয়রা কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে হেফাজতে নেয়।

সাব্বির জানায়, হামলার সময় বাসায় তার মা ছাড়াও আরও দুইজন পুরুষ ছিলেন। এরপর কয়েকজন নারী ঘরে ঢুকে তার মায়ের ওপর হামলা চালায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের সহায়তায় তিন নারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #হত্যা