গ্রাহকদের আস্থাহীনতার মধ্যে বিপুল অঙ্কের টাকা উত্তোলনের মধ্যেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এ দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইনের ৪৯(১)(ঘ)(আ) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে তিনি ইসলামী ব্যাংকের সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার বিষয়েও কাজ করবেন।
মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিতে পারবেন। পাশাপাশি ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে জানাবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা বাড়াতে সহায়ক হবে বলেও মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে গত ২৪ আগস্ট ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। আগের চেয়ারম্যানকে সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়।
খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।
এদিকে ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানও পদত্যাগ করেন। এসব ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকটির গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে।
এমএ//