দেশজুড়ে

আবারও তেঁতুল গাছের মগডালে উঠেছেন সেই নারী

বায়ান্ন প্রতিবেদন

তেঁতুল গাছের মগডালে বসে আছেন সাজেদা বেগম। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে আবারও একই দৃশ্য—উঁচু তেঁতুল গাছের মগডালে উঠে বসে আছেন সাজেদা বেগম। একবার নয়, একাধিকবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে এখন তিনি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সোমবার (০৮ জুন) দুপুরে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার আবু সাঈদের স্ত্রী সাজেদা বেগমকে স্থানীয়রা বাড়ির পাশের একটি উঁচু তেঁতুল গাছের ডালে বসে থাকতে দেখেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন সেখানে।

স্থানীয় ও স্বজনরা তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। নামার বদলে তিনি হঠাৎ করে পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে পানির ভেতর থেকে উঠে নিজস্ব ভঙ্গিতেই সেখান থেকে চলে যান।

পরিবারের সদস্যরা জানান, সাজেদা বেগমের এমন আচরণ এটি প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি একই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন। গত ৬ মে নিখোঁজ হওয়ার পরও একই তেঁতুল গাছের মগডাল থেকেই তাকে উদ্ধার করা হয়েছিল। সেবারও তাকে নামাতে গিয়ে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

এদিকে বারবার একই গাছে উঠে যাওয়া এবং উদ্ধারের সময় পুকুরে ঝাঁপ দেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে রহস্যজনক হিসেবে দেখছেন, আর কেউ কেউ এটিকে ব্যতিক্রমী এক ঘটনার পুনরাবৃত্তি বলেও মন্তব্য করছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #তেঁতুল গাছ #মগডাল