দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।
শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেন, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল অভিযান শুরু করে এবং টানা প্রায় তিন ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, বাসে কোনো যাত্রী ছিল না। চালক, হেলপারসহ তিনজন ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ হয়েছে এমনটি জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে গেল ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় নদী থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
আর/আই