শিক্ষা

দীর্ঘ ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আবারও খুলছে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (০৭ জুন) থেকে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে। দীর্ঘ ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবে দেশের লাখো শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ২৪ মে থেকে ছুটি শুরু হয়েছিল। নির্ধারিত ছুটি শেষ হয়েছে ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো খুলছে ৭ জুন রোববার।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি স্তরের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের অবকাশ পেয়েছে। ২১ মে ছিল শেষ কার্যদিবস। এরপর ধারাবাহিক ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে শিক্ষার্থীরা প্রায় দুই সপ্তাহের বেশি সময় ছুটিতে ছিল।

অন্যদিকে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসায় ছুটি ২৪ মে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি কাটাচ্ছে।

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, জুনের পর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে। জুলাই মাসে আষাঢ়ী পূর্ণিমা, আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আজহা #গ্রীষ্মকালীন অবকাশ #স্কুল খোলা