দেশের সব নাগরিককে বিবেচনায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (০৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেট ভালো করার চেষ্টা চলছে। দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই বাজেট তৈরি করা হচ্ছে। বর্তমান সময়ে অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, তবুও সবাইকে অন্তর্ভুক্ত করে বাজেট দেয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকার উচ্চ ঋণের চাপের মধ্যে দায়িত্ব নিয়েছে এবং অর্থনীতির অবস্থা এখনো দুর্বল। তবে পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। তার মতে, বাজেট এমনভাবে করা হচ্ছে যাতে অর্থনীতির সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়।
অর্থমন্ত্রী জানান, অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। আগের সরকারের নীতির কারণে পরিস্থিতি জটিল হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তবে এটি নতুন শুরু হিসেবে দেখছেন এবং সময় দিলে অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের অর্থনীতি হবে বিনিয়োগনির্ভর। ঋণভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সরকারি ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন একটি অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য রয়েছে যা জনগণের স্বার্থ সংরক্ষণ করবে এবং দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে নেবে।
এসি//