চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মুসা প্রধানিয়া (১৭) নামের এক কিশোরের লাঠির আঘাতে মো. ইয়াছিন (১৪) নামে অপর কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মুসা প্রধানিয়া। নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত কিশোর মুসা একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে।
মঙ্গলবার (২ জুন) সকালে যমুনা রোড এলাকায় এই ঘটনা ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়া ও একই এলাকার শাহজাহান মালের ছেলে মো. মেহেদী হাসান এর সাথে বাকবিতন্ডা হয়। এসময় মেহেদীকে মুসা মারধর করে। ওই সময় ইয়াছিন এগিয়ে এসে মারার কারণ জানতে চাইলে তাকেও মুসা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে ইয়াছিন লুটিয়ে পড়লে মুসা আরো কয়েকটি আঘাত করে। পরে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
মেহেদী হাসানের মা ইনুন নেছা বলেন, মূলত আমার ছেলের সাথে মুসার বিবাদ হয়। তাকে বাঁচাতে গিয়ে ইয়াছিন মারধরের শিকার হয়। তার আরেক ভাই কিছুদিন পূর্বে পানিতে ডুবে মারা গেছে। তারা দু-ভাই ছিল।খুবই নিরীহ পরিবারের ছেলে সে।
ওসি ফয়েজ আহমেদ বলেন, মূলত জাম পাড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। জড়িত সবাই কিশোর বয়সের। ইয়াছিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই/এ