আন্তর্জাতিক

ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত বেড়ে ২১, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৯০ জন। দেশটির বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে।

মঙ্গলবার (০২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভ এবং মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহর। 

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দিনিপ্রোতে একটি আবাসিক ভবনে হামলায় ১৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে আট বছর বয়সি এক শিশু এবং তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী কিয়েভে নিহত হয়েছেন আরও ছয়জন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনা। এতে দেশজুড়ে শতাধিক মানুষ আহত হয়েছেন।

জেলেনস্কির দাবি, এক রাতেই রাশিয়া ৬৫৬টি ড্রোন এবং ৭৩টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ব্যালিস্টিক, ক্রুজ ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রও ছিল।

তিনি বলেন, “রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার জন্য জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন।”

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া যে ধারাবাহিক হামলার ঘোষণা দিয়েছিল, তা অব্যাহত থাকবে এবং এসব হামলা সামরিক অবকাঠামো লক্ষ্য করেই চালানো হচ্ছে।

দিনিপ্রোতে হামলার ফলে একটি বহুতল ভবনের বড় অংশ ধসে পড়ে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। কিয়েভ ও দিনিপ্রো মিলিয়ে ৯০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

উত্তর-পূর্বাঞ্চলের খারকিভে জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়ায় একটি শিল্প কারখানাও হামলার শিকার হয়েছে।

রাজধানী কিয়েভে হামলার পর বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আবাসিক ভবন, নির্মাণাধীন স্থাপনা, একটি পেট্রোল পাম্প এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে।

এদিকে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার কুর্স্ক অঞ্চল এবং ক্রাসনোদারের একটি তেল শোধনাগারসহ কয়েকটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে। কুর্স্কে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে চলমান এই যুদ্ধ নতুন করে আরও তীব্র হয়ে উঠেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় বেসামরিক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ক্রমেই বাড়ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ইউক্রেন