ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। যেখানে বাবা ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন, সেখানে ছেলে লুকা বেছে নিয়েছেন আলজেরিয়ার জার্সি।তবে বাবা মিডফিল্ডার হিসেবে মাঠ মাতালেও, ছেলে লুকা খেলছেন গোলরক্ষক হিসেবে।
রোববার (৩১ মে) ২০২৬ বিশ্বকাপের জন্য আলজেরিয়ার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক ইতিমধ্যে আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচেও মাঠে নেমেছেন।
লুকা জিদানের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ফ্রান্সের যুব দলে। তিনি অনূর্ধ্ব-২০ পর্যায়ে ফ্রান্সের হয়ে খেলেছেন। তবে গত বছর সিদ্ধান্ত বদলে সিনিয়র পর্যায়ে আলজেরিয়ার হয়ে খেলার ঘোষণা দেন তিনি। আফ্রিকার এই দেশটিতে তার দাদা-দাদি জন্মগ্রহণ করায় এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
বাবা জিদান ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন করেছিলেন। যা ছিল তাদের নিজেদের মাটিতে। এরপর ২০০৬ বিশ্বকাপের ফাইনালেও ইতালির বিপক্ষে গোল করেছিলেন তিনি। তবে, ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। সেবার টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল ফ্রান্স।
আসন্ন বিশ্বকাপে আলজেরিয়া রয়েছে ‘জে’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।
আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়া।
আলজেরিয়ার বিশ্বকাপ দল
গোলকিপার: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।
ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।
মিডফিল্ডার: হুসেম আউয়ার, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, রামিজ জেরুকি।
ফরোয়ার্ড: আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আনিস হাজ মুসা।
আর/আই