আগামী চার বছরের চুক্তিতে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জিনেদিন জিদান। ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়।
মঙ্গলবার (২৮ জুলাই) প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো।
দিয়ালো জানান, ২০২৬ বিশ্বকাপ শেষে সাবেক কোচ দিদিয়ের দেশমের দায়িত্ব ছাড়ার ঘোষণা পরেই জিদানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতেই দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নিনির্বাপণকর্মীদের প্রতি সমর্থন জানান জিদান। একই সঙ্গে দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশমকেও অভিনন্দন জানান তিনি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিদান জানান, রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু, আমার একমাত্র লক্ষ্যই ছিল ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার। এজন্য গত পাঁচ বছর একাধিক ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এই দলের সঙ্গে কাজ করা এবং দলকে জয়ের ধারায় রাখাই এখন আমার সবচেয়ে বড় কাজ।
ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের দিনটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলেও উল্লেখ করেন জিদান, 'আজকের দিনটি আমার কোচিং জীবনের সবচেয়ে আনন্দের দিন।'
আর/আই