আন্তর্জাতিক

খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনে ইরানে চলছে জোর প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: টাইমস অব ইসরাইল

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য রাষ্ট্রীয়ভাবে বৃহৎ পরিসরে জানাজা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

শনিবার (৩০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়, খামেনির জানাজা ও স্মরণানুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অনুষ্ঠানসংক্রান্ত সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে এবং মাঠপর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম ধাপে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে ছিলেন। ওই হামলায় তার ছেলে এবং বর্তমান উত্তরসূরি মুজতাবা খামেনিও আহত হন বলে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে দায়িত্ব গ্রহণের পর থেকে মুজতাবা খামেনিকে জনসমক্ষে খুব কম দেখা গেছে। এছাড়া দেশজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজন বারবার পিছিয়ে যায়।

এর আগে এপ্রিল মাসে তেহরানে তাকে স্মরণ করে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে। কর্তৃপক্ষের আশা, আনুষ্ঠানিক তারিখ ঘোষণার পর রাষ্ট্রীয় এ আয়োজনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন।

এদিকে গত এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো বহাল থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার স্থায়ী সমাধান এখনো হয়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আয়াতুল্লাহ আলী খামেনি