দেশের আলোচিত অভিনেতাদের একজন জায়েদ খান। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন, বক্তব্য কিংবা নানা কর্মকাণ্ড ঘিরেই তাকে নিয়ে বেশি আলোচনা দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে সেই আলোচনা কিছুটা কমে গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেতা। বর্তমানে তিনি অবস্থান করছেন নিউইয়র্কে।
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই দেশের শোবিজ অঙ্গনেও নানা পরিবর্তন দেখা যায়। সেই সময়ের পর থেকেই দেশে অনুপস্থিত রয়েছেন জায়েদ খান। অনেকে মনে করছেন, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি এবং কিছু মামলার কারণে তিনি দেশে ফিরছেন না। তবে এসব ধারণা উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, দেশে ফেরার ব্যাপারে তার কোনো ভয় নেই। তার ভাষায়, “আমি কোনো অন্যায় করে আসিনি, কোনো অপরাধও করিনি। ভয় পাওয়ার কোনো কারণ নেই।”
তিনি জানান, বর্তমানে নিউইয়র্কে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন। একই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং শো করছেন। জায়েদ বলেন, “দেশে দীর্ঘদিন কাজ করেছি। এখন কাজের পরিস্থিতিও আগের মতো নেই। রাজনৈতিক পরিবেশের কারণেও অনেক শিল্পী বিদেশে কাজ করছেন। আমিও বসে নেই, কাজ করছি।”
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, শিল্পীরা ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেই পারেন। তবে সেটিকে দুর্নীতির সঙ্গে মেলানো ঠিক নয়। তিনি দাবি করেন, কখনো অবৈধভাবে অর্থ উপার্জন করেননি কিংবা কারও ক্ষতি করেননি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দায়িত্ব পালন নিয়েও কথা বলেন জায়েদ খান। তার দাবি, সমিতিতে দায়িত্বে থাকাকালীন নিজের খরচ নিজেই বহন করেছেন। এমনকি চার বছরে কখনো সমিতির অর্থে খাবারও খাননি বলে উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারে অভিনেত্রী নিপুণকে শিল্পী সমিতি থেকে বহিষ্কারের বিষয়েও প্রতিক্রিয়া জানান জায়েদ খান। তার মতে, শিল্পী সমিতির এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। তিনি বলেন, একজন শিল্পীর আচরণ পুরো ইন্ডাস্ট্রির ভাবমূর্তির সঙ্গে জড়িত।
এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন এক পরিচয়ে সামনে আসছেন জায়েদ খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে যোগ দিয়েছেন তিনি। এই প্রথম কোনো উপস্থাপনা অনুষ্ঠানে নিয়মিত দেখা যাবে তাকে। পত্রিকাটির ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিনোদনধর্মী টকশো সঞ্চালনা করবেন তিনি, যেখানে শোবিজ ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা অতিথি হিসেবে অংশ নেবেন।
পিডি