ঈদুল আজহার আনন্দ উদ্যাপনের পাশাপাশি নগরীকে পরিস্কার রাখতে কোরবানি পশুর বর্জ্য অপসারণের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে ঢাকা দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে পশু কোরবানির পরপরই শহরের বিভিন্ন এলাকায় একযোগে বর্জ্য অপসারণ করতে দেখা গেছে।
বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ও লালবাগ সহ বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের ক্লিনাররা পিকআপভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে বর্জ্য সংগ্রহ করছেন। পঅরে সেগুলো দ্রুততার সঙ্গে বড় বড় ডাম্পিং ট্রাকে স্থানান্তর করে নির্দিষ্ট সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নেওয়া হচ্ছে।
ঈদুল আজহার পবিত্রতা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর বলে তারা জানিয়েছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নাগরিকদের পলিথিন ব্যাগ ব্যবহারসহ সিটি করপোরেশনকে সহায়তার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
এবছর ঢাকায় প্রায় সাত লক্ষ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে প্রায় ৫৪ হাজার টন বজ্য তৈরি হতে পারে। দ্রুত এসব বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে পরিচ্ছন্নকর্মীরা বিরামহীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি, খুব দ্রুতই পুরো নগর বর্জ্যমুক্ত হবে।
আর/আই