মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার আপন ভাগিনা। নিহতের নাম সাথী আক্তার (২৮)। ঘটনায় অভিযুক্ত ভাগিনাকে রক্তমাখা অস্ত্রসহ ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন।
নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (১৯) একই এলাকার আতাউর রহমান আতারের ছেলে এবং তিনি নিহতের স্বামীর আপন ভাগিনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ বাড়ির ভেতরে সাথী আক্তার ও তার ভাগিনা রিপন মিয়ার মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রিপন ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক রিপন মিয়াকে রক্তমাখা অস্ত্রসহ আটক করে।
এলাকাবাসী জানান, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রিপন মিয়া নিহতের রক্তাক্ত মরদেহের পাশেই ধারালো অস্ত্র হাতে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় অবরুদ্ধ অবস্থা থেকে ঘাতক রিপনকে অস্ত্রসহ আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত রিপন মিয়াকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এসি//