আইন-বিচার

রামিসা হত্যা মামলায় ২ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য একজন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি–জিপি শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলায় আসামিপক্ষকে রাষ্ট্রীয় ব্যয়ে আইনি সহায়তা দিতে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে একই মামলায় ধর্ষণ ও হত্যার অভিযোগে পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। পরে শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।

রোববার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ এই অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রামিসা হত্যা #আইনজীবী