আইন-বিচার

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যার মামলায় আদালতে চূড়ান্ত চার্জশিট (অভিযোগপত্র) পেশ করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্রটি জমা দেন। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে পুলিশ আজ এই আইনি পদক্ষেপ নিল।

হাড়হিম করা এই হত্যাকাণ্ডের মূল অপরাধী সোহেল রানা এবং তাকে অপরাধে সহযোগিতা করাসহ আলামত লুকিয়ে ফেলার চেষ্টার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে এই চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পরপরই প্রতিবেশীদের সাহায্যে স্বপ্না আক্তারকে এবং পরে ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মূল ঘাতক সোহেল রানাকে আইনের আওতায় এনেছিল পুলিশ। এর আগে আদালতে হাজির করা হলে সোহেল রানা নিজেই অবুঝ শিশু রামিসাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার নির্মম সত্য স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।

তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে শিশু রামিসাকে জোরপূর্বক নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান সোহেল রানা। ওই সময় তার স্ত্রী ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। শিশুটি আত্মরক্ষার্থে চিৎকার করতে চাইলে ওড়না দিয়ে তার মুখ চেপে ধরা হয় এবং বাথরুমের ভেতর নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পাশবিকতার একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন সোহেল রানা।

এরপর অপরাধের চিহ্ন মুছে ফেলা এবং লাশ গুম করার উদ্দেশ্যে একটি ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা শরীর থেকে কেটে আলাদা করা হয় এবং তা একটি বালতির ভেতর লুকিয়ে রাখা হয়।

এদিকে রামিসাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজন ও প্রতিবেশীরা সন্দেহভাজন ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বেগতিক দেখে মূল অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল ভেঙে সেখান থেকে চম্পট দেন। বাইরে মানুষের হট্টগোলে স্ত্রী স্বপ্নার ঘুম ভাঙলে তিনি স্থানীয়দের ঘরের ভেতরে ঢুকতে বাধা সৃষ্টি করেন, যাতে তার স্বামী সহজে পালিয়ে যেতে পারেন। তবে উপস্থিত জনতা ঘরের ভেতর তল্লাশি চালিয়ে স্বপ্নাকে আটকে রাখেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

উল্লেখ্য, এই বর্বরোচিত ঘটনার পর নিহত রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। অবুঝ এই শিক্ষার্থীর করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #চার্জশিট #রামিসা #ধর্ষণ