চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তসহ পুলিশকে ছয় ঘণ্টা অবরুদ্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত মনির হোসেন।
শুক্রবার (২২ মে) শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলাটি করেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার আসামি মনিরকে শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এর আগে গতকাল বিকেল চারটার দিকে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিতে চান তাঁরা। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে রাত সোয়া ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তিকে কৌশলে ঘটনাস্থল থেকে হেফাজতে নেয় পুলিশ।
(ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গতকাল রাতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরি ও হামলার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আই/এ