আন্তর্জাতিক

মোদি-মেলোনির ভাইরাল মুহূর্ত ঘিরে বিরোধীদের তীব্র সমালোচনা

আন্তর্জাতিক

ছবি: সংগৃহীত

দেশের ভেতরে যখন মানুষের পকেটে চাপ বাড়ছে, জিনিসপত্রের দাম যখন লাগামছাড়া, তখনই বিদেশ সফরের এক মুহূর্তকে ঘিরে ঘুরে গেল ভারতের রাজনৈতিক আলোচনা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত এবং চকলেট উপহার দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনায় নেমেছে বিরোধী শিবির।

বিরোধীদের অভিযোগ, দেশের ভেতরে সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান সংকটের মতো অর্থনৈতিক চাপে বিপর্যস্ত, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরকে ঘিরে প্রচারনির্ভর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ছয় দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইতালি সফর করছেন। বিরোধীদের দাবি, এই সফরের পেছনে বিপুল সরকারি ব্যয় হচ্ছে, যা বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে প্রশ্নের মুখে পড়েছে।

এদিকে ইতালি সফরের সময় মেলোনিকে চকলেট উপহার দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। দীর্ঘদিন ধরেই মোদি ও মেলোনিকে ঘিরে অনলাইনে নানা ব্যঙ্গ-বিদ্রূপ চললেও সাম্প্রতিক এই ভিডিও সেই বিতর্ককে নতুন করে আলোচনায় এনেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, দেশের জনগণ যখন অর্থনৈতিক সংকটে ভুগছে, তখন সরকার বিদেশে আনন্দঘন মুহূর্তে ব্যস্ত। তার অভিযোগ, কৃষক, শ্রমিক, যুবসমাজ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটালেও সরকার কার্যকর সমাধানের বদলে প্রচারনির্ভর কর্মকাণ্ডে মনোযোগ দিচ্ছে।

একইভাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক চাপ এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তার দাবি, গত এক দশকে মানুষের ঋণের বোঝা বেড়েছে, কিন্তু আয় সেই অনুপাতে বাড়েনি।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সফর আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। একাংশ এটিকে কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখলেও, অন্য অংশ মনে করছে, সংকটের সময় এমন দৃশ্য ও ভিডিও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভারতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। অর্থনীতি, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক কূটনীতি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে মোদীর সাম্প্রতিক বিদেশ সফর ও মেলোনিকে ঘিরে ভাইরাল হওয়া মুহূর্ত নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জর্জিয়া মেলোনি #নরেন্দ্র মোদী