ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দ্রুত কাজ সম্পন্ন হওয়ায় সকাল সাড়ে ৮টার মধ্যে রেল যোগাযোগ আবারও স্বাভাবিক করা সম্ভব হয়।