আইন-বিচার

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। আলোচিত এই মামলায় ১৮ জন আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।

একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায়ও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) বেলা ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ৫ম আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে চকরিয়ার ডুলহাজারা এলাকায় ডাকাত দমনে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন।

অভিযানের একপর্যায়ে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে তিনি দুইজনকে ধরে ফেলেন। এ সময় অন্য ডাকাতরা তার ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

পরে তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #লেফটেন্যান্ট #তানজিম সারোয়ার নির্জন #রায়